রিড ফার্মার কর্মকর্তা কেন গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিড ফার্মার পরিচালকসহ তিনজনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ কেন কার্যকর করেনি, এ বিষয়টি তদন্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত এ ব্যাপারে পুলিশ সুপারকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার ড্রাগ কোর্টের বিচারক আবদুল মজিদ এ আদেশ দেন। ভেজাল ও নিম্নমানের ওষুধ উত্পাদন ও তা বাজারজাত করার অভিযোগে গত বছরের ১০ আগস্ট ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম রিড ফার্মার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। পরদিন আদালত প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার থানা পুলিশকে গত ছয় মাসে আদালত সাতবার তাগিদ দেওয়ার পরও আসামিদের বিরুদ্ধে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কোনো প্রতিবেদন দেয়নি। এ কারণে মামলার বিচারকাজ বিঘ্নিত হচ্ছে বলে গতকাল আদেশে উল্লেখ করা হয়। পলাতক আসামিরা হচ্ছেন, রিড ফার্মার পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল হক ও এনামুল হক। এ ছাড়া আসামি মিজানুর রহমান বর্তমানে কারাগারে আটক এবং তাঁর স্ত্রী শিউলী রহমান জামিনে মুক্ত রয়েছেন। গত বছরের জুন, জুলাই ও আগস্ট মাসে ঢাকা শিশু হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৭টি শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ ওঠে রিড ফার্মার উত্পাদিত প্যারাসিটামল সিরাপ টেমসেট খেয়ে এসব শিশু মারা যায়। এর পরিপ্রেক্ষিতে সরকার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওষুধ প্রশাসন বাজার থেকে প্রতিষ্ঠানটির ওই ওষুধের নমুনা সংগ্রহ করে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পরীক্ষা করে। কমিটি ২৯ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয়। তাতে বলা হয়, প্যারাসিটামল সিরাপ তৈরি করতে রিড ফার্মা বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে। তা ছাড়া প্রতিষ্ঠানটির প্যারাসিটামল সিরাপ তৈরির অনুমতি ছিল না।