রিড ফার্মার পরিচালককে আদালতে হাজির হওয়ার নির্দেশ
ভেজাল ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ মামলায় রিড ফার্মার পরিচালকসহ তিন জনকে ২৬ মে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গত রোববার ঢাকার ড্রাগ কোর্টের বিচারক আবদুল মজিদ এ আদেশ দেন।আসামিরা হলেন রিড ফার্মার পরিচালক আবদুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক। তাঁরা সবাই পলাতক। এ মামলায় অবশ্য রিড ফার্মার মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ইতিমধ্যেই জামিন পেয়েছেন। মিজানুর রহমানের জামিনের আদেশে আদালত উল্লেখ করেন, আসামিদের তৈরি করা ওষুধে শিশুদের কিডনি অকেজো হওয়ার প্রমাণ আপাতত পাওয়া যায়নি এবং আসামিদের তৈরি করা ওষুধে মানবদেহের ক্ষতি হয়েছে—এমন কোনো প্রতিবেদনও আসেনি।আদেশে আরও বলা হয়, শুধু মানবহির্ভূত ওষুধ উৎপাদনের কারণে এ আসামিকে অনেক দিন হাজতে রাখার যুক্তি নেই—এ বিবেচনায় আদালত মিজানুর রহমানকে জামিন দেন। গত ১৮ এপিল আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। রোববার বিষয়টি আদালত এলাকায় জানাজানির পর চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত বছরের ১২ অক্টোবর মিজানুর রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে ১৯ অক্টোবর তাঁকে কারাগারে পাঠান।গত বছরের জুন, জুলাই ও আগস্টে ঢাকা শিশু হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৭ জন শিশুর মৃত্যু হয়। অভিযোগ ওঠে, রিড ফার্মার প্যারাসিটামল সিরাপ টেমসেট খেয়ে এসব শিশু মারা যায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে।