রিড ফার্মার মালিকের স্ত্রী জামিন পেয়েছেন
ভেজাল ও নিম্নমানের ওষুধ উত্পাদন এবং তা বাজারজাত করার মামলায় রিড ফার্মার মালিক মিজানুর রহমানের স্ত্রী শিউলী রহমান জামিন পেয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার ড্রাগ কোর্টের বিচারক মো. গোলাম মর্তুজা মজুমদার জামিনের আবেদন মঞ্জুর করেন। গতকাল মিজানুর রহমানও জামিনের আবেদন করেন। আদালত ১৭ জানুয়ারি তা শুনানির জন্য দিন ধার্য করেছেন। মিজানুর রহমান কারাগারে আটক আছেন।গতকাল শিউলী রহমান তাঁর আইনজীবীকে নিয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আইনজীবীরা আদালতকে বলেন, শিউলী রহমান রিড ফার্মার পরিচালক। হাইকোর্ট থেকে জামিনে আছেন। আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম গত বছরের ১০ আগস্ট রিড ফার্মার পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অন্য কর্মকর্তারা হলেন রিড ফার্মার পরিচালক আবদুল গনি এবং ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হক। এই তিনজন পলাতক রয়েছেন।