রিতা-মিতার বাড়ি গ্রাস করতে চায় একটি চক্র: এলিনা খান

শুক্রবার সকাল সোয়া ১০টা। বগুড়া শহরের উপকণ্ঠ নিশিন্দারার সামাজিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্রের দোতলার একটি কক্ষ। এ কক্ষেই ছয় দিন ধরে আছেন গুরুতর মানসিক রোগে আক্রান্ত দুই বোন রিতা ও মিতা। সেখানে দুই বোনকে দেখতে যান বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান। সঙ্গে রিতা-মিতার বড় বোন কামরুন্নাহার হেনা। তাঁরা যখন রিতা-মিতার ঘরে ঢুকলেন, তখন ছোট বোন মিতা একটি বিছানায় ফ্যাকাশে মুখে বসেছিলেন। পাশেই বসে থাকা আরেক বোন রিতা আপন মনে কাগজে লিখছিলেন। আইনজীবী এলিনা খানের সঙ্গে প্রথমে অভিমানের সুরে কথা বলেন দুই বোন। মিতা বলেন, ‘তুমি আমিরিকা গেছিলা না? তুমিই তো আমাদের খোঁজ রাখোনি, তুমি না কথা দিয়ে গেছিলা আমাদের সাথে যোগাযোগ করবা, করোনি কেন? যে কার্ডটা (ভিজিটিং কার্ড) দিয়ে গেছিলা, সেটি হারিয়ে ফেলেছি। জানো, কতজনের কাছে তোমার ফোন নম্বরটা চেয়েছি, কেউ বলতে পারেনি।’
অভিমান করেন বড় বোনের ওপরও। মিতা বলেন, ‘ও তো আমাদের খোঁজই রাখে না।’ বড় বোন হেনাকে বলেন, ‘তুমি এত দিন ফোন করোনি কেন?’
কিছুক্ষণ ধরে চলে তাঁদের মান-অভিমান। পরে অনেক বুঝিয়ে-সুজিয়ে রিতা-মিতাকে ঢাকায় ফিরে যেতে রাজি করানো হয়। বেলা ১১টার দিকে রিতা-মিতাকে সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসে করে এলিনা খান ঢাকায় রওনা হন।
এর আগে কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মানিক ও বগুড়া জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ বি এম মোস্তফা কামাল বড় বোন কামরুন্নাহার ও এলিনা খানের জিম্মায় দেন রিতা-মিতাকে। এ সময় জাতীয় মহিলা আইনজীবী সমিতির শাহাজাদী লায়লাও সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় এলিনা খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘রিতা-মিতার নামে রাজধানীর মিরপুরের প্রধান সড়কে সাত কাঠা জায়গার ওপর উডল্যান্ড নামের একটি বাড়ি রয়েছে। এই বাড়ির দাম কয়েক কোটি টাকা। বাড়িটি গ্রাস করতে একটি চক্র উঠেপড়ে লেগেছে। এ চক্রের মূল হোতা বাড়ির ভাড়াটে মাহবুবুর রহমান। চক্রটি বিশেষ উদ্দেশ্যে রিতা-মিতার হাতে টাকা তুলে দিচ্ছে। তাঁদের বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে প্রলুব্ধ করছে। উদ্দেশ্য রিতা-মিতার কিছু হলে ভুয়া কাগজপত্র দেখিয়ে বাড়িটি দখল করা।’ এ ব্যাপারে রিতা-মিতার বাড়ির ভাড়াটে মাহবুবুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।
এলিনা খান বলেন, ১০ বছর ধরে একাকী ঘরে বন্দী জীবন যাপনের পর ২০০৬ সালের মে মাসের দিকে রিতা-মিতাকে প্রথম মিরপুরের ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়। এরপর চিকিত্সা করানোর পর তাঁরা সুস্থ হয়ে ওঠেন। এ সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মিতার চাকরিও হয়। রিতার চাকরি হয় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে। কিন্তু প্রতিবছরের মে, জুন ও জুলাই এলেই দুই বোন অসুস্থ হয়ে পড়তেন।

এলিনা খান জানান, ২০০৯ সালে মিতা কর্মস্থলে যাওয়া বন্ধ করে দেন। এরপর প্রায় দুই বছর বড় বোনের কাছেই ছিলেন তাঁরা। ২০১২ সালে অসুস্থতার কারণে দুজনকে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করানো হয়। একপর্যায়ে সুস্থও হয়ে ওঠেন তাঁরা। কিন্তু সুস্থ হলেও দুজন ওষুধ খাওয়া বন্ধ করে দেন। একপর্যায়ে তাঁরা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে চান। তাঁদের দূরসম্পর্কের আত্মীয় ও অক্সফোর্ড ইন্টারন্যাশনালের গ্রন্থাগার শহিদুল ইসলাম মঞ্জুরের তত্ত্বাবধানে বোনের বাসা ছেড়ে তাঁরা আলাদা বাসায় থাকতেন। সেখান থেকেই তাঁরা বগুড়ায় গিয়েছেন। এখন ঢাকায় নিয়ে তাঁদের চিকিত্সা করানো হবে।
তিনি বলেন, বগুড়ায় তাঁরা হোটেল ভাড়া পরিশোধ করেছেন ৭২ হাজার টাকা। তাঁদের পথখরচ, খাওয়া বাবদও অনেক টাকা খরচ হয়েছে। এত টাকা কারা, কী উদ্দেশে তাঁদের হাতে তুলে দিয়েছেন, তা মোটামুটি পরিষ্কার। মিরপুরের বাড়িটি গ্রাস করতেই এ বছরের মে, জুন, জুলাই মাস বেছে নিয়ে তাঁদের বগুড়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
বগুড়ার আকবরিয়া আবাসিক হোটেল ও পুলিশের দায়িত্বজ্ঞানের প্রশ্ন তুলে এলিনা খান বলেন, দুজন নারী চার মাস ধরে একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। হোটেলের ভাড়া পরিশোধ করছিলেন বলে কেন তাঁরা বিষয়টি পুলিশকে জানায়নি। আর প্রতি রাতেই হোটেলের নিবন্ধন খাতায় অবস্থানকারীদের তথ্যাদি যাচাই করে স্থানীয় থানার পুলিশ। দুজন নারীর এত দিন ধরে হোটেলকক্ষে অবস্থান করার কারণ তারা জানতে চায়নি। ভাড়ার টাকা ছাড়াও রিতা-মিতার কাছ থেকে হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ দামি কোনো জিনিসপত্র যে হাতিয়ে নেয়নি, এরই বা নিশ্চয়তা কোথায়।
বড় বোন কামরুন্নাহার বলেন, ‘রিতা-মিতার আসল নাম আইনুন নাহার ও নুরুন নাহার। বাবার নাম শরফুদ্দিন আহম্মেদ। হোটেলের খাতায় তারা সঠিক নামই লিখেছে। তবে ঠিকানার জায়গায় উল্লেখ করা হয়েছে—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আমাদের নানাবাড়ি।’
গত ২৩ জুন বগুড়া শহরের আকবরিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে রিতা-মিতাকে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নেত্রীদের সহায়তায় উদ্ধার করে পুলিশ। এরপর দুই বোনের আশ্রয় মেলে শহরের উপকণ্ঠে বারপুরের সামাজিক পুনর্বাসনকেন্দ্রে।
এ বছরের ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় নিজেদের চিকিত্সক ও প্রকৌশলী পরিচয় দিয়ে বগুড়ার ওই আবাসিক হোটেলে ওঠেন রিতা-মিতা। হোটেল ভাড়ার ৭২ হাজার টাকা তাঁরা পরিশোধও করেন। একপর্যায়ে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিলে তাঁদের খোঁজ করা হয়। এ সময় কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করে হোটেল কর্তৃপক্ষ।