রিপন ও কায়সার দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রবাজি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া মো. রিপন হাসান ওরফে টিটু ও কায়সার আহমেদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ‘রিপন ও কায়সারকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে আদালতে হাজির করে প্রত্যেকের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ শুক্রবার থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।’তরিকের বক্তব্য: কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী তরিক আহমেদ গতকাল প্রথম আলোর তৃতীয় পৃষ্ঠায় ‘কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রবাজি, প্রথমে গুলি করার কথা স্বীকার করলেন টিটু’ সংবাদের একটি অংশের প্রতিবাদ করেছেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘মো. রিপন হাসান ওরফে টিটু আমার সম্পর্কে র‌্যাবের কাছে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তা মিথ্যা ও বানোয়াট। ১০ অক্টোবর ঘটনার দিন আমি টিটুকে কোনো অস্ত্র দিইনি এবং নিইনি। আমি ওই দিন বিকেল তিনটায় কুমিল্লা টাউন হলে জেলা যুবদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সম্মেলনস্থলে ছিলাম। টিটুর সঙ্গে আমার কোনো পরিচয় নেই।’উল্লেখ্য, প্রথম আলোর পক্ষ থেকে গত বুধবার সন্ধ্যায় তরিকের বক্তব্য নেওয়ার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হয়। ওই সময় তাঁর মুঠোফোন বন্ধ ছিল। তরিক ফোন বন্ধ থাকার বিষয়টি গতকাল স্বীকার করেছেন।