রিপনের বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা
শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য রিপন ব্যাপারীর বিরুদ্ধে এবার থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে। নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারীর ভাই আক্তার হোসেন ব্যাপারী ১ জুলাই রাতে নড়িয়া থানায় মামলাটি করেন।
এর আগে গত ২৮ জুন আক্তার ব্যাপারীর নেতৃত্বে ৮-১০ জন যুবক রিপনকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেন। এরপর অস্ত্র দিয়ে তাঁকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এ নিয়ে ২ জুলাই ‘নির্যাতনে নির্যাতনে ওষ্ঠাগত যুবলীগ নেতার প্রাণ’ শিরোনামে প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হয়।
পুলিশের দায়ের করা অস্ত্র আইনের মামলায় ২৯ জুন রিপনকে কারাগারে পাঠান আদালত। ২ জুলাই কারা কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠায়। পুলিশ গত রোববার রিপনের অনুপস্থিতিতে আদালতে তাঁর বিরুদ্ধে রিমান্ড আবেদন করে। তবে শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম আদালত রিপনের সুস্থ না হওয়া পর্যন্ত শুনানি স্থগিত রাখেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতা-কর্মীর সঙ্গে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারীর দ্বন্দ্ব দেখা দেয়। জাকিরের ভাই আক্তার ব্যাপারী ১ জুলাই রাতে নড়িয়া থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ওরফে সেন্টু ও উপজেলা যুবলীগের সদস্য রিপনকে আসামি করা হয়।
আক্তার ব্যাপারী বলেন, ‘একটি জমি কেনার সময় আমার ভাগনে আনোয়ার হোসেন ও রিপন ব্যাপারী আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় আমার অনুপস্থিতিতে ১০ ফেব্রুয়ারি দক্ষিণ কেদারপুর গ্রাম থেকে তারা আমার চার লাখ টাকা মূল্যের একটি ঘর ভেঙে নিয়ে গেছে। তাই তাদের বিরুদ্ধে মামলা করেছি।’
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘আক্তার ব্যাপারী সম্পর্কে আমার আপন মামা। রাজনৈতিক প্রতিহিংসায় তিনি আমার ও রিপন ব্যাপারীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।’ রিপনের মা মাফিয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে পিটিয়ে পা ভেঙেই ওরা ক্ষান্ত হয়নি। একটার পর একটা মিথ্যা মামলা দিচ্ছে।’
নড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, চাঁদাবাজির মামলা রেকর্ডভুক্ত হওয়ায় রিপন ব্যাপারীকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।