পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল, খালাস এক
নূরুল ইসলাম ওরফে রিফাত হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন—শামছু হাবিব ওরফে বিদ্যুৎ, সরফরাজ আহমেদ ওরফে কার্জন, মানিক আহমেদ খান, আবু রায়হান ওরফে রানা ও রাসেল কবির ওরফে রোমান। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামি ওমর ফারুক ওরফে রাসেলকে খালাস দেওয়া হয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি নিয়ে এ রায় দেওয়া হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম। ফারুকের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু, সিকদার মকবুল হক প্রমুখ।
আইনজীবী সূত্র জানায়, তেজগাঁও কলেজের ছাত্র রিফাতকে ১৯৯৭ সালের ২৭ জানুয়ারি মহাখালীর বাসা থেকে ডেকে নেওয়া হয়। পরে মহাখালী রেললাইনের ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন রিফাতের ভাই হা-মীম গ্রুপের তৎকালীন পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ১৯৯৮ সালের ৭ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৭ সালের ২১ জুন ঢাকার মহানগর তৃতীয় অতিরিক্ত দায়রা জজ আদালত রায়ে আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন। শুনানি নিয়ে ২০১০ সালের ১০ নভেম্বর হাইকোর্ট ছয়জনের কারাদণ্ড বহাল এবং এক আসামি তাজউদ্দিন আহমেদ ওরফে টিটু খালাস দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামি মো. সেলিম খান শুরু থেকে পলাতক। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ছয় আসামি আপিল করেন। আপিলের শুনানি শেষে আজ রায় হয়।