রিফাতের চোখের আলোই এখন পরিবারটির ভরসা
হাবিবুর রহমান (৬৫) সারা দিন দাঁড়িয়ে থাকেন। বসেন না। আবার বসলে আর একা উঠতে পারেন না। পায়ের ব্যথা। একা চলতেও পারেন না। কারণ তিনি জন্মান্ধ। নাতি রিফাতের বয়স ছয়। তার হাত ধরেই মাথায় মাটির হাঁড়ি-পাতিল নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বেড়ান তিনি। এই আয়েই চলে তাদের ছয় সদস্যের পরিবার। হাবিবুর রহমানের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর গ্রামে। তিনি বিভিন্ন পশুপাখির ডাক নকল করতে পারেন। প্রথম জীবনে তিনি মানুষকে পশুপাখির ডাক শুনিয়ে আনন্দ দিতেন। একজন অন্ধ মানুষের কাছ থেকে আনন্দ পেয়ে মানুষ কিছুটা করুণা করেই তাঁকে কিছু অর্থ দিতেন। তা দিয়েই চলত তাঁর সংসার। কিন্তু শেষ পর্যন্ত এ কাজে তিনি আর মানুষের সাড়া পাননি। তাই তিনি সেই কাজ ছেড়ে দিয়েছেন। তা ছাড়া তাঁর মনে হতো তিনি মানুষের কাছ থেকে করুণা ভিক্ষা করছেন।২০ বছর থেকে মাটির হাঁড়ি-পাতিল বিক্রিকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। হাঁড়ি-পাতিলের খাঁচা মাথায় নিয়ে পায়ে হেঁটে গ্রামে গ্রামে ফেরি করে বেড়ান। নিজের চোখে দেখতে পান না। এ জন্য তাঁর ছেলেমেয়েরা তাঁকে হাত ধরে নিয়ে বেড়ান। তাঁরা এখন বড় হয়েছে। তিন ছেলের মধ্যে বড় দুই ছেলে বিয়ে করে আলাদা থাকেন। ছোট ছেলে কলেজে পড়েন। পাঁচ মেয়ের মধ্যে চারজনকে বিয়ে দিয়েছেন। ছোট মেয়েটা দশম শ্রেণীতে পড়ে। বছর খানেক থেকে মেয়ে রোকসানার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। স্ত্রী-সন্তানকে দেখেন না। বাধ্য হয়ে রোকসান ছেলে রিফাতকে নিয়ে বাবার বাড়িতে উঠেছেন। এখন স্বামী-স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে ও এক নাতিকে নিয়ে তাঁর ছয় সদস্যের পরিবার। মেয়ে রোকসানার ছেলে রিফাতই এখন নানাকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে। গত মঙ্গলবার দুপুরে পালপুর গ্রামে হাবিবুর রহমানের সঙ্গে দেখা হয়। মাথায় হাঁড়ি-পাতির খাঁচা। নাতির হাত ধরে রাস্তায় বেরিয়ে পড়েছেন। তিনি গলা ছেড়ে হাঁক দিচ্ছেন, ‘... এ-ই নিবেন হাঁড়ি-পাতিল...।’ আর রিফাত তাঁর হাত ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একটু কথা বলার জন্য বসতে বললে তিনি বলেন, পায়ে ব্যথা বসলে তিনি আর একা উঠে দাঁড়াতে পারবেন না। এ জন্য যতক্ষণ মাঠে থাকেন, দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে থেকেই তিনি বলেন, ‘ঘরে খাওয়ার কিছু নাই। ছেল্যা মিয়্যার কান্দন সহিতে পারিনি। আয় আপ্তের (আত্মীয়স্বজন) কাছে সহায্য চাহ্যা পাইনি। পরে পাড়ার এক লোকের কাছ থাক্যা ৬০০ টাকা ধার লিয়ে এই ব্যবসা শুরু করি। গোদাগাড়ীর প্রেমতলী পালপাড়া থেকে হাঁড়ি-পাতিল কিন্যা আইন্যা গাঁয়ে গাঁয়ে বিক্রি করি। কিন্তু গায়ে আর কুলায় না। চলতে খুব কষ্ট হয়।’