রিভলবার ও মাদকসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব-৯) পৃথক কয়েকটি অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। গত রোববার ও গতকাল সোমবার সিলেটের বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়। র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেটের পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সাত গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি আভিযানিক দল। উদ্ধার করা মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিতে সিলেট রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার রাত দেড়টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরকাছ রাইস মিল এলাকায় র‌্যাবের সদস্যরা সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দলকে তাড়া করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ব্যাব ওই স্থান থেকে একটি বিদেশি রিভলবার, তিনটি গুলি, একটি ইস্পাতের কিরিচ ও পাঁচটি লোহার রড উদ্ধার করেছে। এ ছাড়া গত রোববার রাত ১০টায় দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় র‌্যাবের সদস্যরা সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দলকে ধাওয়া করে। এ সময় ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় একটি বিদেশি রিভলবার ফেলে যায়। পরে রিভলবারটি উদ্ধার করে র‌্যাব দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরি করে হস্তান্তর করেছে। এ ছাড়া একই দিন রাত আটটায় সিলেট শহরতলির টিলাগড় ইকোপার্ক এলাকায় র‌্যাবের সদস্যরা এক মাদক ব্যবসায়ীর আস্তানায় অভিযান চালান। এ সময় র‌্যাব কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি। তবে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে এক বোতল ডোয়েল্স, চার বোতল থান্ডার বিয়ার, দুই বোতল অফিসার্স চয়েস ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। উদ্ধার করা মাদকদ্রব্য র‌্যাবের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে সিলেট নগরের শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন।