রিভলবারসহ গ্রেপ্তার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় লোকমান হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তাঁর কাছে থাকা নতুন একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করে।গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টায় লোকমান হোসেনকে উপজেলার চণ্ডীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।ভেড়ামারা পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিন আগে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চণ্ডীপুর গ্রামে অস্ত্র কেনাবেচার জন্য এক ব্যক্তি অবস্থান করছেন। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে গতকাল সকাল সাড়ে ছয়টায় লোকমানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সারা রাত অন্য বাড়ি থেকে খুব সকালে বাড়ি ফিরেছিল।ভেড়ামারা থানার ওসি আজম খান প্রথম আলোকে বলেন, লোকমান হোসেন একজন অস্ত্র বহনকারী। তিন দিন ধরে তাঁকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছিল। অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে।