রিভিউ আবেদন করবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছেন, তা বাতিলে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য এখন মন্ত্রণালয়ের দিকনির্দেশনার অপেক্ষায় আছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনার) আবেদন করবে সরকার।

ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছেন, তা বাতিল করার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব গত বুধবার জাতীয় সংসদ পাস করে। ওই রায়ে জাতীয় সংসদ সম্পর্কে ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান বিচারপতির ‘অসাংবিধানিক, আপত্তিকর, অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ’ বাতিলের জন্য আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টিও একই প্রস্তাবে পাস হয়।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল প্রথম আলোকে বলেন, যেহেতু সংসদে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, নিশ্চয়ই আইনি পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় যেভাবে দিকনির্দেশনা দেবে, সেভাবে কাজ করতে হবে।

আইনি পদক্ষেপ কী হতে পারে, এ বিষয়ে জানতে চাইলে আবদুল মতিন খসরু গতকাল প্রথম আলোকে বলেন, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন (রিভিউ পিটিশন) করা যাবে। সরকার রিভিউ আবেদন করবে। তাতে রায়ের অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণগুলো বাতিলের আবেদন করা হবে।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর বর্তমান সরকারের আমলে সংবিধানের ষোড়শ
সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।

গত বছরের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ৪ জানুয়ারি আপিল করে। শুনানি শেষে ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে ওই আপিল খারিজ করে রায় দেন। পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশিত হয়।

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, রিভিউ আবেদন করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, রায়ের প্রত্যয়িত অনুলিপি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে তা করতে হয়। আদালত ছুটিতে থাকলে সে সময়টা বাদ যেতে পারে। এ ছাড়া যে বিষয়গুলো বিচার্য ছিল না অর্থাৎ অপ্রাসঙ্গিক, সেগুলো এক্সপাঞ্জও (প্রত্যাহার) চাইতে পারে। রিভিউ আবেদন করেও এক্সপাঞ্জের জন্য দরখাস্ত দিতে পারে অথবা রিভিউ আবেদনের সঙ্গেও এক্সপাঞ্জ চাইতে পারে।

জানা গেছে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিনই সংশ্লিষ্ট শাখায় রায়ের প্রত্যয়িত অনুলিপি চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। গতকাল পর্যন্ত রায়ের প্রত্যয়িত অনুলিপি হাতে পাননি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এখন অবকাশকালীন ছুটি চলছে। গত ২৭ আগস্ট থেকে শুরু হওয়া অবকাশ শেষে ৩ অক্টোবর নিয়মিত আদালত বসবে।