রিভিউ আবেদন করলেন কামারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন।

জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার পুনর্বিবেচনার আবেদনের রায়ে বলা হয়েছে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর এর অনুলিপি আসামির কাছে পৌঁছানোর বা তাঁকে জানানোর মধ্যে যেটি আগে হয়, তার ১৫ দিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন করতে হবে। সে হিসাবে কামারুজ্জামানকে রায় জানানোর ১৫তম দিন আজ।

গতকাল বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবী তাজুল ইসলাম, শিশির মনির, এহসান এ সিদ্দিক, মতিউর রহমান আকন্দ ও নজিবুর রহমান। এরপর কারাফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাজুল ইসলাম। তিনি জানান, রায় পুনর্বিবেচনার আবেদনের বিষয়েই মূলত কামারুজ্জামানের সঙ্গে তাঁদের কথা হয়েছে। তিনি সুস্থ ও মানসিকভাবে দৃঢ় আছেন। তবে কামারুজ্জামান মনে করেন, তিনি ন্যায়বিচার পাননি। তাঁর আশা, রিভিউতে তিনি ন্যায়বিচার পাবেন।

তাজুল ইসলাম এ সময় আশা প্রকাশ করেন, আপিল বিভাগে অন্যান্য মামলায় যে ধরনের সময় ও সুযোগ দেওয়া হয়, রিভিউতে একই ধরনের সুযোগ দেওয়া হবে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠমতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। গত ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিন পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১৯ ফেব্রুয়ারি সকালে কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানায় সই করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন বিচারপতি। ওই দিনই মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় এবং তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়। ২৬ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পেয়েছেন কামারুজ্জামানের আইনজীবীরা।