রিভিউ আবেদন শুনানির দিন নির্ধারণের আবেদন

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিয়ে শুনানির দিন নির্ধারণের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বৃহস্পতিবার আবেদন দুটি জমা দেওয়া হয়।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, দুটি আবেদন জমা দেওয়া হয়েছে। ২০ অক্টোবর চেম্বার বিচারপতির আদালতে এগুলো উপস্থাপন করা হবে।
একাত্তরে গণহত্যার দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রেখে দেওয়া আপিল বিভাগের চূড়ান্ত রায় প্রকাশিত হয় ৩০ সেপ্টেম্বর। পরদিন তাঁদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ওই দিনই কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদ এবং গাজীপুরের কাশিমপুর কারাগারে সাকা চৌধুরীকে ওই পরোয়ানা পড়ে শোনান।
আপিল বিভাগের রায় অনুসারে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে হবে। আর পুনর্বিবেচনার আবেদন করার সঙ্গে সঙ্গে দণ্ড কার্যকর প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে। এ জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার একদিন আগে গতকাল বুধবার (১৪ অক্টোবর) সাকা চৌধুরী ও মুজাহিদের পক্ষে ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। এতে বিষয়টি নিষ্পত্তির আগে তাঁদের দণ্ড আর কার্যকর করা যাবে না।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার দায়ে ওই সময়ের আলবদর নেতা মুজাহিদকে ২০১৩ সালের ১৭ জুলাই ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। আর মুক্তিযুদ্ধকালে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে একই বছরের ১ অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। তাঁরা দুজনেই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেন।
পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ বছরের ১৬ জুন মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। একই বেঞ্চ সাকা চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে রায় দেন ২৯ জুলাই।
এর আগে একাত্তরে গণহত্যার দায়ে জামায়াতের শীর্ষস্থানীয় দুই নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁরা দুজনই রায় পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। পরে দুটি আবেদনই খারিজ হয়ে যায়। ২০১৩ সালের ১২ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়। আর চলতি বছরের ১২ এপ্রিল জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হয়। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে সাঈদীর মামলার পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি।