জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি চেয়েছে আসামিপক্ষ। গতকাল মঙ্গলবার কামারুজ্জামানের আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির বলেন, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অসুস্থ। চিকিৎসক তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। তাই শুনানি চার সপ্তাহের মুলতবি চেয়ে আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, পুনর্বিবেচনার আবেদনের সঙ্গে এই আবেদনটিও শুনানির জন্য আজ বুধবার আপিল বিভাগের কার্যতালিকার ৪ নম্বরে রাখা হয়েছে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করলে গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মৃত্যুদণ্ড বহাল রাখেন। গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিন ট্রাইব্যুনাল-২ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু পরোয়ানা পাঠালে সেখানে তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়। এরপর আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত ৫ মার্চ আবেদন করেন কামারুজ্জামান। এই আবেদনের শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে।
গতকাল জমা দেওয়া পৃথক আবেদনে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের শুনানি ছয় সপ্তাহ মুলতবি চাওয়া হয়। এ মামলায়ও শুনানি মুলতবির জন্য খন্দকার মাহবুব হোসেনের অসুস্থতার কারণ দেখিয়েছে আসামিপক্ষ।