রিভিউ চাইবেন সাঈদী
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করবেন। আজ বুধবার দুপুরে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ থাকা সাঈদীর সঙ্গে তাঁর ছেলে ও তিন আইনজীবী দেখা করেন। এ সময় সাঈদী রায় পুনর্বিবেচনার আবেদন করার ওই সিদ্ধান্তের কথা জানান।
বেলা দেড়টার দিকে সাঈদীর তিন আইনজীবী এম ইউসুফ আলী, সাইফুর রহমান ও মতিউর রহমান আখন্দ এবং ছেলে মাসুদ সাঈদী কাশিমপুর কারাগারে যান। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বেলা দুইটার দিকে তাঁরা সাঈদীর সঙ্গে দেখা করেন।
কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সুপার সুব্রত কুমার বালা বলেন, সাঈদীর ছেলে ও তিন আইনজীবী প্রায় আধা ঘণ্টা কারাগারের ভেতর সাঈদীর সঙ্গে কথা বলেন।
কারাগার থেকে বেরিয়ে আইনজীবী মতিউর রহমান আখন্দ বলেন, আপিল বিভাগে সাঈদীকে একজন বিচারপতি খালাস দিয়েছেন, একজন বিচারপতি মৃত্যুদণ্ড ও তিনজন বিচারপতি আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন। এতে প্রমাণিত হয় যে রাষ্ট্রপক্ষ সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পারেনি। ওই রায়ের বিরুদ্ধে তিনি (সাঈদী) পুনর্বিবেচনার আবেদন করবেন। তিনি বিশ্বাস করেন, পুনর্বিবেচনার রায়ে তিনি ন্যায়বিচার পাবেন এবং কারাগার থেকে মুক্ত হবেন।
সাঈদীর ছেলে মাসুদ সাঈদী প্রথম আলোকে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তাঁরা রায় পুনর্বিবেচনার আবেদন করবেন।
সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে গতকাল মঙ্গলবার আবেদন করেন রাষ্ট্রপক্ষ। এ আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়।
ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।
আপিল বিভাগের পাঁচ সদস্যের যে বেঞ্চে সাঈদীর আপিলের শুনানি হয়েছিল, ওই বেঞ্চের দুজন সদস্য ইতিমধ্যে অবসরে গেছেন। তাঁরা হলেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তাঁদের মধ্যে বিচারপতি মোজাম্মেল হোসেন তাঁর রায়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন, আর বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ফাঁসির আদেশ দেন।
নিয়ম অনুসারে, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার আবেদন করতে পারে রাষ্ট্রপক্ষ বা আসামিপক্ষ। সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত বছরের ৩১ ডিসেম্বর। তবে আসামিপক্ষ বলেছে, ৩ জানুয়ারি তাঁরা আপিলের রায়ের সত্যায়িত অনুলিপি পেয়েছেন। সে অনুসারে ১৮ জানুয়ারি পর্যন্ত পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ আছে।
আপিল বিভাগ এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের পাঁচটি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে চারজনের করা রায় পুনর্বিবেচনার আবেদনই খারিজ হয়েছে এবং তাঁদের ফাঁসিও কার্যকর হয়েছে। এ চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। শুধু সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আপিল বিভাগ।
আরও পড়ুন: