রিভিউ নিয়ে এবারও মতভিন্নতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা যাবে কি না, সে বিষয়ে সরকারপক্ষ ও আসামিপক্ষ ভিন্নমত দিয়েছে।
এর আগে কাদের মোল্লার মামলার রায় ঘোষণার পরও এ নিয়ে সরকারপক্ষ ও আসামিপক্ষ ভিন্নমত দিয়েছিল। ওই মামলায় ট্রাইব্যুনালের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের পূর্ণাঙ্গ রায় গত বছরের ৫ ডিসেম্বর প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর ৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন। ১০ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। এর পরই ফাঁসির কার্যক্রম স্থগিতের জন্য চেম্বার বিচারপতির বাসায় আবেদন নিয়ে যান কাদের মোল্লার আইনজীবীরা। রাত সাড়ে ১০টার দিকে চেম্বার বিচারপতি পরদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফাঁসির কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন। শুনানি শেষে ১২ ডিসেম্বর রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ পিটিশন) খারিজ হয়। ওই দিনই কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়।
গতকাল নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে কোনো রিভিউ করার সুযোগ আছে বলে আমি মনে করি না। আইনটি সাংবিধানিকভাবে সুরক্ষিত আইন, তাই এখানে রিভিউর সুযোগ নেই।’
রায় কার্যকর প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা সরকারের সিদ্ধান্ত এবং আদালতের আদেশ পাওয়া সাপেক্ষে কার্যকর হবে। পূর্ণাঙ্গ, নাকি সংক্ষিপ্ত রায় পাওয়ার পর এটা হবে—এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, এটা নির্ভর করবে আদালতের নির্দেশের ওপর। আদালত যদি সংক্ষিপ্ত কপি পাঠিয়ে দেন, তাহলে তার ওপর কারা কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে পারে। আদালত যদি মনে করেন পূর্ণাঙ্গ রায় পাঠাবেন, তার ওপর নির্ভর করতে পারে।
তবে কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম বলেন, রিভিউ করার ক্ষেত্রেও পূর্ণাঙ্গ রায় লাগবে। সংবিধানের ১০৫ অনুচ্ছেদ ও আপিল বিভাগের সংশ্লিষ্ট বিধি অনুসারে রিভিউ করার অধিকার আসামিপক্ষের আছে। কাদের মোল্লার ক্ষেত্রেও রিভিউ আবেদন করা হয়েছিল, আদালত শুনেছেন। সুতরাং ধরে নিতে হবে, রিভিউ করার অধিকার আছে।
আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে তা ট্রাইব্যুনালে পাঠানো হবে। সেটি হাতে পেলে নিয়ম অনুযায়ী মৃত্যু পরোয়ানা জারি করবেন ট্রাইব্যুনাল। পরে তা কার্যকর করবে সরকার। এ ক্ষেত্রে কারাবিধি অনুসরণ করতে হবে।
আইনমন্ত্রী বলেন, রিভিউ করার সুযোগ নেই। কারণ, কাদের মোল্লার মামলায় আপিল বিভাগে তাঁর রিভিউ আবেদন খারিজ হয়।