রিভিউ নিষ্পত্তি ছাড়া কাদের মোল্লাকে ফাঁসি না দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার পক্ষে রিভিউ পিটিশন (পুনর্বিবেচনার আবেদন) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর ফাঁসি কার্যকর না করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বুধবার দুপুরে ফোরামের এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্যে মওদুদ আহমদ এ দাবি জানান।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন।
সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ বলেন, ‘সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করার জন্য প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা আছে। দুঃখের সঙ্গে লক্ষ করছি, সরকারপক্ষ আবদুল কাদের মোল্লাকে তাঁর রিভিউ করার অধিকার থেকে বঞ্চিত করে ফাঁসির আদেশ কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। সংবিধানে যে রিভিউ করার বিধান রয়েছে, সেটাই দেশের সর্বোচ্চ আইন। সংবিধানে যা আছে, সেটা আমরা কার্যকর দেখতে চাই।’
লিখিত বক্তব্যে মওদুদ আহমদ আরও বলেন, ‘এই মামলার বিচারিক প্রক্রিয়া প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়েছে বলে আমরা মনে করি না। সে কারণে এ মামলার বিচারিক কার্যক্রম আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। মনে করি, সরকার তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্যই এই মামলা দায়ের করেছিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
ফোরামের উপদেষ্টা মওদুদ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বাদীপক্ষের আপিলের কোনো বিধান ছিল না। কাদের মোল্লার রায়ের পর সরকার আইন পরিবর্তন করে বাদীপক্ষের (সরকারপক্ষ) আপিলের ব্যবস্থা করে। সেই নতুন আইনের অধীনে সরকারের আপিল দায়ের করার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁদের চূড়ান্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দেন।’
লিখিত বক্তব্যে বলা হয়, ‘বাংলাদেশের বিচারব্যবস্থার ঐতিহ্যগত প্রেক্ষাপটে দুটি বিষয়কে আমরা নজিরবিহীন মনে করি। এক. নিম্ন আদালতে রায় ঘোষণার পর আইন সংশোধন করে বাদীপক্ষকে আপিল করার সুযোগ দেওয়া; দুই. নিম্ন আদালতের রায়ে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে দেশের উচ্চতম আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ দেওয়া।’ লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মওদুদ কোনো মন্তব্য করতে রাজি হননি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ও ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক এম বদরুদ্দোজা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন।