কাদের মোল্লার রায় নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
রিভিউ নিষ্পত্তি না করে ফাঁসি না দেওয়ার দাবি

সংবিধানের ১০৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার পক্ষে রিভিউ পিটিশন (পুনর্বিবেচনার আবেদন) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর ফাঁসি কার্যকর না করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
আজ বুধবার বিএনপির সমর্থক এই আইনজীবী সংগঠনের এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ দাবি জানান।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাজা বাড়িয়ে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন। এটিই মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম রায়।
আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ বলেন, ‘আমাদের সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করার জন্য প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা আছে। আমরা দুঃখের সঙ্গে লক্ষ করছি সরকারপক্ষ আবদুল কাদের মোল্লাকে তাঁর রিভিউ করার অধিকার থেকে বঞ্চিত করে ফাঁসির আদেশ কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। সংবিধানে যে রিভিউ করার বিধান রয়েছে, সেটাই দেশের সর্বোচ্চ আইন। সংবিধানে যা আছে, সেটা আমরা কার্যকর দেখতে চাই।’
লিখিত বক্তব্যে মওদুদ আহমদ আরও বলেন, ‘এই মামলার বিচারিক প্রক্রিয়া প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়েছে বলে আমরা মনে করি না। সে কারণে এ মামলার বিচারিক কার্যক্রম আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা মনে করি, সরকার তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্যই এই মামলা দায়ের করেছিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা মওদুদ আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বাদীপক্ষের আপিলের কোনো বিধান ছিল না। কাদের মোল্লার রায়ের পর সরকার আইন পরিবর্তন করে বাদীপক্ষের (সরকারপক্ষ) আপিলের ব্যবস্থা করে। সেই নতুন আইনের অধীনে সরকারের আপিল দায়ের করার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁদের চূড়ান্ত রায়ে আবদুল কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দেন।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশের বিচারব্যবস্থার ঐতিহ্যগত প্রেক্ষাপটে দুটি বিষয়কে আমরা নজিরবিহীন মনে করি। এক. নিম্ন আদালতে রায় ঘোষণার পর আইন সংশোধন করে বাদীপক্ষকে আপিল করার সুযোগ দেওয়া; দুই. নিম্ন আদালতের রায়ে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে দেশের উচ্চতম আদালত কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ দেওয়া।’
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।