চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্রের গুরুত্বপূর্ণ শর্ত সংশোধন ও বিলুপ্ত করার ব্যাপারে লিখিত ব্যাখ্যা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল রোববার কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউ-নিটের (সিপিটিইউ) একটি রিভিউ প্যানেলের কাছে লিখিতভাবে এই ব্যাখ্যা জমা দেওয়া হয়।রিভিউ প্যানেলে অংশ নেওয়া বন্দরের একজন কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, রিভিউ প্যানেলে লিখিত ব্যাখ্যা জমা দেওয়া হয়েছে। এসব ব্যাখ্যা যাচাই-বাছাই করে পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত জানাবে রিভিউ প্যানেল। খুব শিগগির বিষয়টি নিষ্পত্তি হবে বলে তিনি জানান।জানা গেছে, এনসিটির দরপত্রে অংশ নেওয়া ফিলিপাইনের ইন্টারন্যাশনাল কনটেইনার টার্মিনাল সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল এম ডি জিসুস গত ১৪ আগস্ট ‘সিপিটিইউ’-এর কাছে দরপত্রের শর্ত সংশোধনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন। এরপর সংস্থাটি একটি রিভিউ প্যানেল গঠন করে। গত ২৮ আগস্ট এই প্যানেলের প্রথম শুনানিতে দরপত্র কার্যক্রমের কোনো অগ্রগতি থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়সীমা অনুযায়ী গত ৩০ আগস্ট এনসিটির দরপত্র জমা নেওয়া হয়। দরপত্রে ১২টি গুরুত্বপূর্ণ সংশোধনীর প্রতিবাদে সাবেক মেয়র ও বন্দর উপদেষ্টা কমিটির সদস্য এ বি এম মহিউদ্দিন চৌধুরী আন্দোলন করছেন। আবার নৌমন্ত্রী শাজাহান খানের পক্ষ নিয়ে মহিউদ্দিনের বিরুদ্ধে নেমেছেন স্থানীয় সাংসদ এম এ লতিফ।