চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগের দরপত্র বাতিল করে রিভিউ প্যানেলের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সভায় তিনি এই সন্তোষ প্রকাশ করেন।সভার পরে মিষ্টি বিতরণ করেছে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন ‘বন্দর রক্ষা পরিষদ’।সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘রায় অনুযায়ী আন্তর্জাতিকভাবে স্বীকৃত চারটি প্রতিষ্ঠানকে নিয়ম অনুযায়ী দরপত্রে বিবেচনা করা হোক।’ তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে মাফিয়া চক্রের হাত থেকে রক্ষায় আমরা একত্র হয়েছিলাম। আমরা এতে জয়ী হয়েছি।’সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, জাসদ মহানগরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান।গত সোমবার নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের দরপত্র বাতিল করার নির্দেশ দেয় একটি রিভিউ প্যানেল।প্রসঙ্গত, সাইফ পাওয়ার টেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে এনসিটির অপারেটর নিয়োগের দরপত্রের শর্ত লঙ্ঘন করা হয়েছে—এমন অভিযোগে রোজার ঈদের পর আন্দোলনে নামে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বন্দর রক্ষা পরিষদ।