রিভিউয়ের আগে ফাঁসি বেআইনি হবে: কামারুজ্জামানের আইনজীবী
রিভিউয়ের আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ কার্যকর হবে না বলে আশা প্রকাশ করেছেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এটা হলে বেআইনি হবে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন এ মন্তব্য করেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘ উচ্চ আদালতের রায় সংবিধানের ১০৫ ধারায় রিভিউ করার সুযোগ আছে। আমরা দরখাস্ত করেছি। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ দাখিল করব।’
খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এটি একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড। আশা করব, স্বাভাবিকভাবে ন্যায়বিচারের স্বার্থে রায়টি পূর্ণাঙ্গ প্রকাশ করার আগে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। এটা আইনের বিধানের খেলাপ হবে।’
খন্দকার মাহবুব বলেন, ‘বিশ্বাস করি, রিভিউতে এই দণ্ডাদেশের বিরুদ্ধে একটি সুফল সমাধান পাব। কাদের মোল্লার সময় আমরা রিভিউ করেছিলাম। দরখাস্ত যখন শুনানির অপেক্ষায় ছিল, যখন কানে আসল মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাচ্ছে, তখন চেম্বার জজের ওখানে গিয়ে রিভিউ পিটিশন শুনানি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড আদেশ স্থগিত করেছিলেন। এখন আমরা বিশ্বাস করি, আমরা রিভিউ করার সুযোগ পাব। রিভিউ শুনানি হবে এবং শুনানির পরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’