রিভিউর শুনানি শিগগিরই চায় রাষ্ট্রপক্ষ

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণের জন্য আবেদন করবে রাষ্ট্রপক্ষ। তারা শিগগিরই এ ব্যাপারে শুনানি চায় বলে জানালেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আজ বুধবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
একাত্তরে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ আজ সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করেন। সাকা চৌধুরীর আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম খান এবং মুজাহিদের অন্যতম আইনজীবী শিশির মনির প্রথম আলোকে এ তথ্য জানান।
অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘রিভিউ আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণের ব্যাপারে আগামীকাল অথবা পরশু আদালতে একটি আবেদন করব। আমি আশা করি, আগামী মঙ্গলবার যেদিন চেম্বার বিচারপতি বসবেন, সেদিন এ সংক্রান্ত আদেশ হতে পারে।’ তিনি বলেন, শিগগির যাতে শুনানির ব্যবস্থা করা হয় সে ব্যাপারে রাষ্ট্রপক্ষের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: