অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা যাবে না।
আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন এম কে রহমান।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে দেওয়া মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। আজ বেলা সোয়া দুইটার দিকে এটি প্রকাশ করা হয়।
এরপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এম কে রহমান বলেন, পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩-এর ২০ (৩) ধারা অনুসারে দণ্ড কার্যকর করবে সরকার। এটি একটি বিশেষ আইন। এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা যাবে না। তবে দণ্ড পাওয়া ব্যক্তি যদি এ-সংক্রান্ত আবেদন নিয়ে আসেন, তবে আদালত সিদ্ধান্ত দিতে পারেন।
আদালত সূত্র জানায়, এ রায় ৭৯০ পৃষ্ঠার। রায় প্রকাশিত হওয়ার আগে এতে সই করেন বিচারপতিরা।
গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ওই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দুই মাস ১৮ দিনের মাথায় পূর্ণাঙ্গ রায় এল।
বেঞ্চের অপর বিচারপতিরা হলেন—বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। এটিই মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম রায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।
আসামি ও সরকার—উভয় পক্ষের দুটি আপিলের ওপর ৩৯ কার্যদিবস শুনানি শেষে গত ২৩ জুলাই আপিল বিভাগ রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন।