লিমন হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর মায়ের করা মামলা পুনর্বিবেচনার (রিভিশন) আবেদনের শুনানি অষ্টম দফা পিছিয়ে গেল। বাদীপক্ষের আইনজীবী মানিক আচার্য্য বলেন, ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের কার্যতালিকায় শুনানি নির্ধারিত থাকলেও বিচারক না থাকায় গতকাল বৃহস্পতিবার তা অনুষ্ঠিত হয়নি।
এ ছাড়া সময় চেয়ে আদালত বরাবর রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিও পিছিয়ে গেছে। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার আগামী ২৪ এপ্রিল পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। বিচারক মো. শহীদুল্লাহ বকাউলকে গত ১৬ জানুয়ারি ঢাকায় বদলি করার পর থেকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক পদটি শূন্য রয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল মান্নান বলেন, আদালতে নিয়মিত বিচারক না থাকায় সময়ের আবেদন করা ছাড়া কোনো উপায় নেই।
সন্ত্রাসী সন্দেহে তৎকালীন কলেজছাত্র লিমনকে ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে বাড়ির কাছ থেকে আটক করে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে র্যাব। এরপর তাঁর কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনা সাজিয়ে মামলাও করা হয়। লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে র্যাবের (বরিশাল র্যাব-৮) ছয় সদস্যের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ২০১১ সালের ১০ এপ্রিল মামলা হয়।