ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কায় আদালতের কার্যতালিকা থেকে একটি রিভিশন আবেদন বাদ দেওয়ার আরজি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চে খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবীরা আবেদনটি দাখিল করেন।আজ বৃহস্পতিবার এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা।১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা একটি মামলার সূত্র ধরে খালেদা জিয়ার করা রিভিশন আবেদনে রুলের ওপর আজ শুনানির দিন ছিল। ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনে নিষেধাজ্ঞা চেয়ে আইনজীবী মো. সোহরাওয়ার্দী ১৯৯৭ সালে নিম্ন আদালতে মামলাটি করেন।গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ ও জমিরউদ্দিন সরকার। আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, রুহুল কুদ্দুস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।গতকাল মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদনে বলা হয়, আবেদনকারী (খালেদা জিয়া) বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির নেতা এবং স্বাভাবিকভাবেই এই মামলায় একটি রাজনৈতিক গন্ধ (ফ্লেভার) রয়েছে। সাগর-রুনি ও মুফতি আমিনীর মামলায় খালেদা জিয়া সম্পর্কে এই আদালতের করা মন্তব্য-সংক্রান্ত বিষয়ে পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে আবেদনে বলা হয়, এই দুই মামলায় খালেদা জিয়া কোনোভাবে পক্ষ না হওয়া সত্ত্বেও তাঁর সম্পর্কে আদালতের করা মন্তব্যের কারণে তাঁর দৃঢ় বিশ্বাস জন্মেছে, এই আদালতে আবেদনটির শুনানি হলে তিনি ন্যায়বিচার পাবেন না।মো. সোহরাওয়ার্দীর করা আরজি খারিজ চেয়ে ১৯৯৮ সালের ১১ আগস্ট খালেদা জিয়ার পক্ষে সংশ্লিষ্ট আদালতে আবেদন করা হয়। ঢাকার অতিরিক্ত সহকারী বিচারক মো. শফিকুর রহমান ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার আবেদনটি খারিজ করেন। এই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিভিশন আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন ও রুল জারি করেন। রুলে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেওয়া আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।