ঝালকাঠির রাজাপুরের লিমন হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ছয় সদস্যর বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগপত্রের ওপর রিভিশন আবেদনের শুনানি ১১ বারের মতো পিছিয়েছে।
আবেদনটি শুনানির জন্য গতকাল রোববার জেলা ও দায়রা জজ আদালতের কার্যতালিকায় থাকলেও শুনানি অনুষ্ঠিত হয়নি। রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আবদুল মান্নান সময়ের আবেদন করলে জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান তা মঞ্জুর করে আগামী ২০ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।
২০১১ সালের ২৩ মার্চ র্যাব সদস্যদের গুলিতে আহত হন লিমন। এ ঘটনায় তাঁর মা হোনোয়ারা বেগম হত্যাচেষ্টার অভিযোগে ২০১১ সালের ১০ এপ্রিল র্যাব-৮-এর তৎকালীন উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ র্যাবের ছয় সদস্যকে আসামি করে মামলা করেন।
লিমনের মায়ের আইনজীবী মানিক আচার্য্য জানান, ২০১২ সালের ১৪ আগস্ট র্যাবের ছয় সদস্যকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ওই বছরের ৩০ আগস্ট লিমনের মা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি আদালত নারাজি আবেদন খারিজ করে দেন। একই বছরের ১৯ মার্চ লিমনের মা আদালতে রিভিশন দায়ের করেন।