রিম ঝিম ঝিম ভাষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তুমি আমার পাশে বন্ধু হে...’ গাইতে গাইতে জলের গানের আহ্বানে হাতে হাত রেখেছিল প্রতিযোগীরা। ঢাকা, ৩১ জুলাই ২০১৫। ছবি: সুমন ইউসুফ
‘তুমি আমার পাশে বন্ধু হে...’ গাইতে গাইতে জলের গানের আহ্বানে হাতে হাত রেখেছিল প্রতিযোগীরা। ঢাকা, ৩১ জুলাই ২০১৫। ছবি: সুমন ইউসুফ

ঘন দেয়া বরষে
সাজানো হয়েছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মাঠ। তৈরি ছিল পতাকা মঞ্চ, ওড়ার অপেক্ষায় একগুচ্ছ বেলুন। ছিল মাঠের এক পাশে সারিবদ্ধ নানা আয়োজনের স্টল। কথা ছিল, শিক্ষার্থীরা সার বেঁধে দাঁড়াবে। গীত হবে জাতীয় সংগীত। অতিথিরা পতাকা তুলবেন। উদার আকাশে উড়বে বেলুন। সূচনা হবে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর জাতীয় উৎসবের।
কিন্তু ভোররাত থেকেই অবিশ্রান্ত বৃষ্টি। ঝরছে তো ঝরছেই। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল এলাকায় ঘূর্ণিঝড় কোমেনের আশঙ্কা। চলছে দুর্যোগ। বন্দরে বন্দরে বিপদ–সংকেত। বরিশাল-ঢাকা লঞ্চ চলাচল বন্ধ। আয়োজকদের মনে শঙ্কা, ওই সব অঞ্চলের শিক্ষার্থীরা আসবে তো? সারা দেশ থেকে নয়টি অঞ্চলের বিজয়ী ৫৮০ জন শিক্ষার্থীর আসবার কথা। পৌঁছাতে পারবে কতজন?
সব শঙ্কা দূর করে সকাল আটটা থেকে আসতে শুরু করে শিক্ষার্থীরা। অনেকের সঙ্গেই অভিভাবক। ছাতা মাথায়, রিকশায়, অটোরিকশায়, গাড়িতে, কেউবা বৃষ্টিতে ভিজে। বিস্ময়কর! আশাছাপানো উপস্থিতি। পরিকল্পনা বদল হলো। মাঠের বদলে উদ্বোধনী পর্বের আয়োজন করা হলো ঘরে, বিদ্যালয়ের সুপরিসর মিলনায়তনে। শিক্ষার্থী, অভিভাবক আর অতিথিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়ল হলঘর। জাতীয় সংগীত গাইলেন বন্ধুসভার সদস্যরা। মুহুর্মুহু করতালির মধ্যে উৎসবের উদ্বোধন ঘোষণা করলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন। ভাষা প্রতিযোগ পর্ষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান বললেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের এই উৎসাহ-উদ্দীপনা আমাদের মধ্যে আশার সঞ্চার করেছে।’ অনুষ্ঠানমঞ্চে তখন ছিলেন অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক সৌমিত্র শেখর, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ।
ভাষা প্রতিযোগের সঙ্গে যুক্ত শিক্ষকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক মোহাম্মদ আজম, মুহাম্মদ আসাদুজ্জামান, সাইফিন রুবাইয়াত, কুদরত-ই-হুদা, রাহেল রাজিব প্রমুখ।
নয়টি অঞ্চলের ৫০৩ জন এসেছিল জাতীয় উৎসবে। উদ্বোধনের পর তারা অংশ নিল ৫০ মিনিটের পরীক্ষায়। পরীক্ষ শেষে হলে ফিরে এল শিক্ষার্থীরা।

দেখ না মন ঝকমারি এই দুনিয়াদারি
‘গান করতে পারো কে কে—হাত তোলো’। এ পর্বের সঞ্চালনা করছিলাম আমিই। হাত উঠল অনেক। মঞ্চে ডেকে নিলাম কয়েকজনকে। টাঙ্গাইলের রোদসী, রাজশাহীর রিফা তাসফিয়া, দিনাজপুরের জয়ন্তিকা ও পারমিতা দেব, হবিগঞ্জের প্রত্যয় রায় গানে গানে মুগ্ধ করল সবাইকে। সময় বড় বেয়ারা। সবাইকে সুযোগ দেওয়া গেল না তাই। হবিগঞ্জের নিশাত তাসমিন আবদার জানাল, সে একটা লালনগীতি করবে। ‘না’ করা গেল না। বললাম, চার লাইন গাও। সে ধরল, ‘দেখ না মন ঝকমারি এই দুনিয়াদারি’। নীরব হয়ে রইল পুরো মিলনায়তন। ভুলে যেতে হলো সময়ের কথা। কার সাধ্য তাকে মাঝপথে থামায়? গান শেষ। করতালি আর আনন্দধ্বনিতে ফেটে পড়তে চায় হলঘর।

আলো ছড়ালেন তারকারা
অটোগ্রাফ উৎসাহীদের ভিড় সামলে মঞ্চে এলেন ক্রিকেট তারকা সাব্বির। রাজশাহীর ছেলে। গল্প শোনালেন স্কুলজীবনের। বললেন খেলার কথাও। সেলফি তুললেন শিক্ষার্থীদের সঙ্গে। ভাষার প্রতি ভালোবাসা আর ক্রিকেটের জন্য দরদ উচ্চারিত হলো সমস্বরে।
জয়া আহসানকে নিয়ে মঞ্চে এলেন প্রথম আলোর মুনির হাসান। জয়া বললেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলাতে তাঁর অভিনয়ের অভিজ্ঞতা। বললেন মাতৃভাষা আর মাতৃভূমিকে ভালোবাসার কথা। উত্তর দিলেন শিক্ষার্থীদের নানা জিজ্ঞাসারও।
অপি করিম শোনালেন তাঁর বেড়ে ওঠার গল্প। তাঁকে গাইতে অনুরোধ করলেন সঞ্চালক বন্ধুসভার নেতা সাইদুজ্জামান রওশন। বহু বছর পর নিজের কলেজের মঞ্চে দাঁড়িয়ে অর্ধেকটা গেয়ে শোনালেন ‘ভুবনেশ্বর হে, মোচন কর’, বন্ধন সব মোচন কর’ হে’।
পরপরই মঞ্চে ঝলমলে উপস্থিতি জাদুশিল্পী আলী রাজের। জাদুচমকে মাতিয়ে গেলেন তিনি।

বৃষ্টির দিনে জলের গান
প্রথম পর্ব শেষে বেলা একটায় হলো অনুষ্ঠান বিরতি। বৃষ্টির কিন্তু বিরতি নেই। নেমে যাচ্ছে অনর্গল। মিলনায়তনের বাইরে করিডরে জটলা। বৃষ্টির ছাট থেকে রক্ষা না পেয়ে কে একজন কালিদাস আর রবীন্দ্রনাথের বৃষ্টিবন্দনাকে কষে গাল দিলেন। ভাষা উৎসবের দিনে একেবারে লাগসই রসিকতা। বিরতি শেষে বাইরে বৃষ্টির গান, ভেতরে জলের গান। মাতিয়ে দিল জলের গানের পরিবেশনা। শ্রাবণের অজসÊ ধারার বৃষ্টিকে ছাপিয়ে গেল উৎসবের ঝমঝমানি।

পুরস্কারপর্ব
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে মঞ্চে এলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, এইচএসবিসির কর্মকর্তা সাউলী কামাল খান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও অতিথিরা। তাঁদের কথায় ছিল শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার রসদ। বিজয়ীদের নাম ঘোষণা করলেন অধ্যাপক তারিক মনজুর। তাদের হাতে তুলে দেওয়া হলো ক্রেস্ট, অভিজ্ঞানপত্র আর বই।

পেছনের মানুষ
এইচএসবিসির আবদুল্লাহ আল জোবায়ের একদল সহকর্মী নিয়ে ভাষা প্রতিযোগের কাজে চষে বেড়িয়েছেন সারা দেশ। আজও তার ব্যতিক্রম হলো না। সদা সক্রিয় ছিল অরূপ ঘোষের নেতৃত্বে প্রথম আলোর ব্র্যান্ড বাহিনী। আর প্রথম আলো বন্ধুসভার ভূমিকা তো সব সময়ই তুলনারহিত। পেছন থেকে নীরবে সমর্থন দিয়ে যান অভিভাবকেরা। তাঁরা এ আয়োজনের অন্যতম প্রাণশক্তি। সবাইকে নিয়ে এগিয়ে চলুক ভাষা প্রতিযোগ। চরৈবেতি।