জঙ্গি সন্দেহে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে। র্যাবের দাবি, তাঁরা ‘শহীদ হামজা ব্রিগেড’ নামে চট্টগ্রামকেন্দ্রিক নতুন জঙ্গি সংগঠনের সদস্য।
গত রোববার সকালে নগরের স্টেশন রোডের একটি হোটেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোজাহের মিয়া ও সাব্বির আহমেদকে গ্রেপ্তার করে র্যাব। একই দিন রাতে এ কে খান মোড় থেকে কামাল উদ্দিন ও আশরাফ আলীকে গ্রেপ্তার করা হয়। চারজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ কসমোপলিটন আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পাঁচটি একে ২২ রাইফেল, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। তবে ভাড়াটিয়া মাসুদ রানাকে ধরতে পারেনি র্যাব।
র্যাব-৭ চট্টগামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে জানান, চার জঙ্গির মধ্যে দুজনকে হাটহাজারী থানার সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক মাসুদ রানাকে গ্রেপ্তারে র্যাবের অভিযান চলছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, স্টেশন রোডের একটি হোটেল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মোজাহের মিয়া, সাব্বির আহমেদ ও পলাতক মাসুদ রানাকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করতে গত মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলীর আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য রাখেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে পাঁচলাইশ কসমোপলিটন এলাকার ৯ নম্বর সড়কের সাততলা ভবনের ওই বাড়িতে গেলেও অন্য ভাড়াটিয়ারা মাসুদ রানা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। তিনি ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে থাকতেন। ভবনের জেনারেটর অপারেটর মো. এমরান জানান, মাসুদ রানা কবে বাসা ভাড়া নিয়েছেন তা জানেন না। বাড়ির দারোয়ান আমিনুল ইসলাম চাঁদপুরের কচুয়ায় তাঁর গ্রামের বাড়িতে গেছেন। তিনিই ভাড়াটিয়া সম্পর্কে জানতে পারেন।
গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীর একটি মাদ্রাসা থেকে র্যাব জঙ্গি সন্দেহে ১২ জনকে আটক করে। এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়। এই মামলায় নতুন করে ওই দুজনকে আসামি করা হয়েছে।