রিমান্ড নাকচ, খোকা কারাগারে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে তেজগাঁও থানার একটি মামলায় নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে তেজগাঁও ও শাহবাগ থানায় করা মামলা দুটিতে তাঁর জামিন আবেদনও নাকচ করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান এ আদেশ দেন।
এর আগে শাহবাগে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় দুই দিনের রিমান্ডে ছিলেন খোকা। আজ সেই রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে তেজগাঁও থানায় করা একটি মামলায় ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করা হয়। তবে আদালত শুনানি শেষে তা নাকচ করে দেন।
গত বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে খোকাকে আটক করা হয়। পরের দিন দুপুর সোয়া ১২টার দিকে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই সময় র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান প্রথম আলো ডটকমকে জানান, সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অবরোধে গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।