আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুজনকে দুই দিনের রিমান্ড শেষ হওয়ার আগেই কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠান।বড়দেশীর পশ্চিমপাড়া থেকে গত শনিবার ভোরে সেলিম মৃধা ও সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার দুপুরের দিকে পুলিশ তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ড শেষ হওয়ার আগেই গতকাল সোমবার তাঁদের আদালতে হাজির করা হয়। পরে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন।এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মতিয়ার রহমান ফোন ধরেননি। পরে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও এ ব্যাপারে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে তিনি সকালে সাংবাদিকদের বলেছিলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার স্বার্থে সেসব তথ্য বলা যাচ্ছে না।যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, ‘আমি অন্য একটি কাজে ব্যস্ত ছিলাম। এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে রিমান্ড শেষ হওয়ার আগে কোনো আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।’এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা জেলার পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) শেখ রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুজন হেরোইনে আসক্ত। এঁদের মধ্যে সেলিম খুব বেশি। হেরোইন না পাওয়ায় খিচুনি উঠে তাঁরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের আদালতে পাঠানো হয়। এসপি আরও বলেন, জিজ্ঞাসাবাদ করার মতো তাঁদের শারীরিক অবস্থা ছিল না। তাই তাঁদের রিমান্ড শেষ হওয়ার আগেই কারাগারে পাঠানো হয়েছে।এদিকে ছয় ছাত্র হত্যার ঘটনাকে মানবাধিকারের লঙ্ঘন ও জাতির জন্য লজ্জাকর ঘটনা বলে অভিহিত করেছেন বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর জার্নালিজম অ্যাগেইনস্ট ক্রাইম অ্যান্ড জার্নালিজম এন্টি করাপশন (জ্যাক)। গতকাল এক বিবৃতিতে সংস্থাটি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে।