রিমান্ড শেষে আবার জেলহাজতে জামায়াত নেতা রফিকুল
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলামকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন তাঁর রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে এ নির্দেশ দেন।জানা গেছে, পল্টন থানায় গাড়ি ভাঙচুর ও পুলিশকে মারধরের মামলায় তিন দিনের রিমান্ড শেষে রফিকুল ইসলামকে গতকাল আদালতে হাজির করা হয়। অন্যদিকে মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সাত দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক মিজানুর রহমান। এ মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর না করে জামিন দেওয়ার আবেদন জানান রফিকুল ইসলামের আইনজীবী। আদালত উভয়ের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকালের রিমান্ড আবেদনে বলা হয়, রফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা গত ১৩ নভেম্বর মতিঝিলের নটর ডেম কলেজের সামনে বাস থেকে যাত্রী নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। তবে রফিকুল ইসলামের আইনজীবী বলেন, গত ২৪ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁর মক্কেল জেলহাজতে আছেন। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।জানা যায়, আট মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে ৮ ডিসেম্বর কারাগার থেকে বের হওয়ার পর জেলগেটেই আবার তাঁকে আটক করে পুলিশ। এরপর তাঁকে শাহবাগ থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।