রিমান্ড শেষে আসামি নুর মোহাম্মদ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন শনাক্তের মামলার এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে র্যা ব-৭। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদের আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৫ জানুয়ারি আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে র্যা ব-৭। পরে তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৩ জানুয়ারি তাঁকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ডের আবেদন করে র্যা ব। ১ ফেব্রুয়ারি আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বছরের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আমদানি করা তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে ২৭ জুন একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে।