নরসিংদী পৌর-সভার মেয়র লোকমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়াকে রিমান্ড শেষে গতকাল শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন মোন্তাজ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন নরসিংদী মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা। রিমান্ড শেষে মোন্তাজকে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কনিষ্ঠ বিচারিক হাকিম নিভানা খায়ের জেসির আদালতে হাজির করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মোন্তাজকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। লোকমান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘গতকাল সরকারি ছুটির দিন থাকায় মুখ্য বা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত বন্ধ ছিল। এ কারণে কনিষ্ঠ বিচারিক হাকিম আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ জানুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামি মোন্তাজকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’