রিমান্ড শেষে কারাগারে তিন ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য সন্দেহে গ্রেপ্তার তিন ছাত্রকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তাঁদের আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিন ছাত্র হলেন নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র ছিলেন। গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের ছাত্রত্ব বাতিল করে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, গত বছরের ৬ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকায় গ্রেনেড বিস্ফোরণে নিহত হন জেএমবির চট্টগ্রামের ‘সামরিক প্রধান’ মো. জাবেদ। এ ঘটনায় হত্যা ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় দুটি পৃথক মামলা হয়। দুই মামলায় জেএমবির এই তিন সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে গত রোববার আদালত হত্যা মামলায় তিন দিন ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সোমবার তাঁদের রিমান্ডে নেওয়া হয়। চার দিনের রিমান্ড শেষ হওয়ায় গতকাল তাঁদের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদের কাজে যুক্ত নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান জানান, তিন ছাত্র যেসব তথ্য দিয়েছেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজার এলাকায় জেএমবির চট্টগ্রামের প্রধান ফারদিন ওরফে নোমান ওরফে নাফিসের ভাড়া বাসা থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরকসহ সেনাবাহিনীর ১২ সেট পোশাক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তিনজনের সঙ্গে ফারদিনকে পলাতক দেখিয়ে তিনটি মামলা করা হয়। এ ছাড়া কর্ণফুলী থানার অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনের তিনটি মামলা এবং বায়েজিদ বোস্তামী থানার দুই মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।