রিমান্ড শেষে কারাগারে পাঁচ জেএমবি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিস্ফোরক মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। এক দিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে তাঁদের হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন বুলবুল আহমেদ, মিনহাজুল ইসলাম, মো. নুরুন্নবী, শাহজাহান কাজল ও মাহবুবুর রহমান।
গত বছরের ৫ অক্টোবর নগরের খোয়াজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশের কাছে স্বীকার করেন, সংগঠনের তহবিল সংগ্রহের জন্য গত বছরের ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিলেন তাঁরা। ছিনতাইয়ের সময় গ্রেনেড বিস্ফোরণে জেএমবির দুই সদস্য ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় সদরঘাট থানায় বিস্ফোরক, ছিনতাই ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ।
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, সদরঘাট থানার বিস্ফোরক মামলায় গত বুধবার আদালত পাঁচ জেএমবি সদস্যের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ডিবির তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন বড়ুয়া বলেন, জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।