প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে বিমানের দুই কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা হলেন বিমানের প্রকৌশলী নাজমুল হক ও টেকনিশিয়ান শাহ আলম।
এই দুজনকে দুই দফায় ১৩ দিনের রিমান্ড শেষে গতকাল আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, আসামিরা বিমানের ত্রুটির ঘটনার বিষয়ে তথ্য দিয়েছেন, তাঁদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁদের কারাগারে আটক রাখা দরকার। মামলাটি তদন্ত করছেন কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মাহবুব আলম।
এ মামলার অপর আসামিকে এর আগে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পরে কারাগারে পাঠানো হয়। গত বছরের ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। ফলে ফ্লাইটটি তুর্কমেনিস্তানের রাজধানীতে জরুরি অবতরণ করে। পরে বিমানের অন্য একটি উড়োজাহাজে প্রধানমন্ত্রীকে বুদাপেস্টে পৌঁছানো হয়।
ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত বছরের ১৮ ডিসেম্বর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়। তাতে দায়িত্বে গাফিলতির জন্য বিমানের প্রকৌশল শাখার নয়জন কর্মকর্তা ও কর্মীকে দায়ী করা হয়। তাঁদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।