রিমান্ড শেষে কারাগারে মশিউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ফোনালাপকারী ব্যবসায়ী মশিউর রহমান ওরফে মামুনকে রিমান্ড শেষে আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৪ আগস্ট রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর উত্তরা থেকে মশিউরকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবি ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ডিবি পুলিশ আজ মশিউরকে আদালতে হাজির করে। পরে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।
গত ২৪ ফেব্রুয়ারি সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহ প্ররোচনার অভিযোগে গুলশান থানায় হওয়া মামলায় মশিউরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথনের পর গভীর রাতে মান্নাকে বনানীর তাঁর ভাইয়ের বাসা থেকে আটক করা হয়। পরদিন ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব গুলশান থানায় মান্নাকে হস্তান্তর করে। তখন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহ প্ররোচনা দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিবি তদন্তে নিশ্চিত হয়েছে মান্নার সঙ্গে অজ্ঞাত ফোনালাপকারী ব্যক্তিটি হলেন মশিউর। এরপরই তাঁকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। মশিউরের কাছ থেকে রিমান্ডে পাওয়া তথ্যের যাচাই বাছাই চলছে। প্রয়োজনে কারাগারে থাকা মশিউরকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।