রিমান্ড শেষে কারাগারে মোন্তাসিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ছাত্র মোন্তাসিরুল আলম অনিন্দ্যকে তিন দফায় আট দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেন, প্রথমে তিন দিন, তারপর দুই দিন ও শেষ দফায় তিন দিনের রিমান্ডের পর গতকাল মোন্তাসিরুল আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোন্তাসিরুলের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে কি না, জানতে চাইলে রেজাউস সাদিক বলেন, সরাসরি তিনি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, এ ধরনের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। তিনিও হত্যার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করছেন। তবে তাঁর সংগঠন ‘লর্ডস গ্যাং’-এর একজন সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শরীফুল ইসলাম এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, শরীফুলের সঙ্গে মোন্তাসিরুলের ঘনিষ্ঠতার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তদন্তের আরও একটু অগ্রগতি হলে মোন্তাসিরুলের জড়িত থাকার বিষয়টি পরিষ্কার হবে। আপাতত পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গণ্য করা হচ্ছে।
মোন্তাসিরুল ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ৩ জুলাই তাঁকে আটক করা হয়।