রিমান্ড শেষে কারাগারে সাংসদপুত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বখতিয়ার আলম রনি
বখতিয়ার আলম রনি

রাজধানীর নিউ ইস্কাটন রোডে জোড়া খুনের মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) দীপক কুমার দাস গতকাল বখতিয়ারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠান। তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বখতিয়ারকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করেন। অন্যদিকে বখতিয়ারের আইনজীবী কাজী নজিবুল্লাহ তাঁর জামিনের আবেদন করেন। মহানগর হাকিম আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বখতিয়ার সংরক্ষিত নারী আসনের সাংসদ ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক পিনু খানের ছেলে। বখতিয়ারকে এর আগে গত ৯ জুন প্রথম দফায় চার দিনের ও ২৪ জুন দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ডে নেয় ডিবি। তবে তিনি জবানবন্দি দেননি।
পুলিশ ও আদালতে ইতিমধ্যে তিনজনের দেওয়া জবানবন্দি সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন রোডে প্রাডো গাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় বখতিয়ার তাঁর লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক আবদুল হাকিম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।