রিমান্ড শেষে কারাগারে সিঙ্গাপুর ফেরত ১৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিঙ্গাপুর ফেরত ১৪ বাংলাদেশি সন্দেহভাজন জঙ্গিকে আজ রোববার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক স্নিগ্ধা রানী চক্রবর্তী এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মোস্তফা আনোয়ার রিমান্ড শেষে এই ১৪ জনকে আদালতে হাজির করে প্রতিবেদন দাখিল করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২২ ডিসেম্বর ১৪ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগের দিন ২১ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এঁরা হলেন টাঙ্গাইলের আমিনুর (৩১), আবদুল আলীম (৩৩) ও শাহ আলম (২৮), কুমিল্লার গোলাম জিলানী (২৬), নুরুল আমিন (২৬) ও মাহমুদুল হাসান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার জাফর ইকবাল (২৭), ঝিনাইদহের আকরাম হোসেন (২৭), চুয়াডাঙ্গার আবদুল আলী (৪০), পাবনার আশরাফ আলী (২৭), ঢাকার সাইফুল ইসলাম (৩৬), কুড়িগ্রামের আলম মাহবুব (৩৪), চাঁপাইনবাবগঞ্জের ডলার পারভেজ (৩৫) ও মুন্সিগঞ্জের মোহাম্মদ জসিম (৩৩)। পরে এঁদের সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ডের আবেদনে পুলিশ বলে, এই ১৪ আসামি সিঙ্গাপুরে কাজ করতেন। সেখানে তাঁদের নিজেদের মধ্যে পরিচয় হয়। সেখানেও তাঁরা জঙ্গি কার্যক্রম করতেন বলে সিঙ্গাপুর পুলিশ তাঁদের আটক করে দেশে ফেরত পাঠান। দেশে এসেও তাঁরা আবার সংগঠিত হয়ে জঙ্গি কার্যক্রম শুরু করেন।

উত্তরা পূর্ব থানায় দায়ের করা এই মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা সিঙ্গাপুরের মোস্তফা মার্কেটের কাছে অ্যাঙ্গোলিয়া নামের মসজিদে একত্র হয়ে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সদস্য ও অর্থ সংগ্রহসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার বিষয়ে আলোচনা করতেন। ওই মসজিদে প্রত্যেক রোববার সন্ধ্যায় একত্র হয়ে জিহাদি বক্তব্য, বয়ান ও জিহাদি ভিডিও প্রদর্শন করতেন তাঁরা। সিঙ্গাপুর পুলিশের কাছে তাঁদের এই জঙ্গি কার্যক্রমের বিষয়টি প্রকাশ পাওয়ার পর তাঁদের আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।