রিমান্ড শেষে কারাগারে 'জেএমবি কমান্ডার' এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম জেলা কমান্ডার দাবিদার এরশাদ হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
গত ২৩ মার্চ নগরের নিউ মনসুরাবাদের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জামসহ এরশাদকে গ্রেপ্তার করে নগরের আকবর শাহ থানা-পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়।
এই মামলায় এরশাদকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁকে ঢাকায় টাস্কফোর্স ইন্টারোগেশন সেলেও (টিএফআই) জিজ্ঞাসাবাদ করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আসামি এরশাদ হোসেনকে আদালতে হাজির করা হলে তিনি নিজেকে জেএমবির চট্টগ্রাম জেলার কমান্ডার দাবি করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ইসলামি আইন ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাঁরা কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, আট পৃষ্ঠার জবানবন্দিতে এরশাদ কীভাবে জেএমবিতে জড়িয়ে পড়েন, তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তথ্য দেন। এরশাদ নিজেকে জেএমবির চট্টগ্রাম জেলার কমান্ডার দাবি করেছেন।
ওসি জানান, কারা কারা বোমা তৈরির সঙ্গে জড়িত তাঁদেরও নাম বলেছেন এরশাদ। তথ্যগুলো যাচাই-বাছাই করে জবানবন্দিতে আসা জেএমবির বাকি সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।