রিমান্ড শেষে চার যুবককে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা ছয় যুবকের মধ্যে চারজনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে এ আদেশ দেন।
চার যুবক হলেন মুসাব ইবনে ওমায়েদ (২৫), মোহাম্মদ শিপন ওরফে ফয়সল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মোহাম্মদ ইসলাম (৪০)। গত বুধবার ওই চার যুবককে সীতাকুণ্ড থানার অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন থেকে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। গতকাল তাঁদের আদালতে হাজির করে পুলিশ।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, ছয় যুবকের মধ্যে আরিফুল মোস্তফা ও তৌহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে অস্ত্র মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, রিমান্ডে চার যুবক গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন। তাঁরা ইসলামী শাসন চালুর জন্য বর্তমান সরকারকে উৎখাত করতে পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে সবকিছু বলা যাচ্ছে না।
১০ জুলাই সীতাকুণ্ড থেকে জঙ্গি সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মুঠোফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব উদ্ধার করা হয়। সীতাকুণ্ডের একটি কারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা হয়। আর ১৪ জুলাই বাড়বকুণ্ড থেকে আরিফুল ও ফটিকছড়ি থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, এই দুজন ওই চার জঙ্গির সহযোগী। তাঁরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।