মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তার হত্যা মামলার তিন আসামিকে রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাত দিন রিমান্ড শেষে শনিবার বিকেলে আসামি রফিকুল ইসলাম, শিপন শিকদার ও রকিব শিকদারকে মাদারীপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে উপস্থিত করা হয়। নতুন রিমান্ডের আবেদন না থাকায় ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ জাকারিয়া তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই মেয়ের পরিবারের ভাষ্য, সুমাইয়া ও হ্যাপিকে ধর্ষণের পরে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। বিল্লাল শিকদার বলেন, ‘শিপন আমার মেয়েকে উত্ত্যক্ত করত। তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এলাকার অনেক মানুষ তা জানে। পুলিশ তার কাছ থেকে কোনো বক্তব্য আদায় করতে পারেনি, এটা বিশ্বাসযোগ্য নয়। কেন তাদের আবার রিমান্ডে নিতে চাওয়া হলো না, তা বুঝতে পারছি না।’
মামলার তদন্তকারী কর্মকর্তা মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান বলেন, রিমান্ডে আসামিদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। পুলিশ তা যাচাই করে দেখছে।