রিমান্ড শেষে দুদক কর্মকর্তা সাব্বির কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এম এম সাব্বির হাসানকে রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের প্রায় সাত মাস পর গত বুধবার তদন্ত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মো. তাহিদুল ইসলাম তাঁকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তা মো. তাহিদুল ইসলাম গতকাল মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে সংক্ষিপ্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর মহানগর হাকিম আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রতিবেদনে বলা হয়, ‘আসামিকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তা যাচাই-বাছাই করা হচ্ছে।’ প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব্বিরকে তাঁর কার্যালয় থেকে র‌্যাব-৭-এর কর্মকর্তারা হাতেনাতে গ্রেপ্তার করেন। অভিযোগ রয়েছে, চট্টগ্রামের পোশাক তৈরি প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের কাছে সাব্বির ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। দর-কষাকষি করে তা ১০ লাখ টাকায় নামিয়ে আনা হয়। ঘুষের টাকা লেনদেনের দৃশ্য ভিডিও করেন ফোর এইচ গ্রুপের এক কর্মকর্তা। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।