রিমান্ড শেষে ব্যবসায়ী মশিউর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ফোনালাপের অভিযোগে গ্রেপ্তার করা ব্যবসায়ী মশিউর রহমান ওরফে মামুনকে রিমান্ড শেষে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের সূত্র বলেছে, ২৪ আগস্ট রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ উত্তরা থেকে মশিউরকে গ্রেপ্তার করে। পরে ডিবি তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ডিবি গতকাল মশিউরকে আদালতে হাজির করে। পরে আদালত তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান।
গত ২৪ ফেব্রুয়ারি সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনার অভিযোগে গুলশান থানায় করা মামলায় মশিউরকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম বলেন, ডিবি তদন্তে নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও মান্নার সঙ্গে ফোনালাপকারী অজ্ঞাত ব্যক্তি হলেন মশিউর। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।