নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় ডাক ও টলিযোগাযোগমন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুদুর রহমান ও নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি (ভিপি) মিয়া মো. মঞ্জুরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, প্রথম দফা রিমান্ড শেষে মাসুদুর ও মঞ্জুরকে গতকাল বুধবার সকাল সোয়া ১০টার দিকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ দ্বিতীয় দফায় তাঁদের আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতের কাছে আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা মাসুদুর ও মঞ্জুরের জামিনের জন্য আবেদন করেন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক নিতাই চন্দ্র সাহা রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে মাসুদুর ও মঞ্জুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিকে প্রথম দফার রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার মতিনকে আদালতে হাজির করার কথা রয়েছে।