রিমান্ড শেষে মাহমুদুর রহমান কারাগারে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় রিমান্ড শেষে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল সোমবার মাহমুদুর রহমানকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। নতুন করে রিমান্ডে নেওয়ার আবেদন না থাকায় মহানগর হাকিম মারুফ হোসেন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৪ মে মাহমুদুর রহমানকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। ২৫ এপ্রিল তাঁকে এই মামলায় প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁর পক্ষে গতকাল জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়।
এ মামলায় প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। তিনিও কারাগারে আছেন।