সিরাজগঞ্জের শাহজাদপুরে হাকিম হত্যা মামলায় মেয়র হালিমুল হকের ছোট ভাই হাবিবুল হক ওরফে মিন্টু ও তাঁর গাড়িচালক শাহীন আলমকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার শাহজাদপুর উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুই আসামিকে আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম গুলিবিদ্ধ হয়ে পরের দিন মারা যান। এ ঘটনায় হাকিমের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক ও তাঁর ভাই হাবিবুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। এর আগে এই মামলায় মেয়রসহ আরও ছয়জনের পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।