রিমান্ড শেষে রানাকে আদালতে হাজির করা হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় গ্রেপ্তার হওয়া র৵াব-১১-এর নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক অধিনায়ক এম এম রানাকে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড েশষে আজ সোমবার আদালতে হাজির করা হবে৷ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তাঁকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে৷
সাত খুনের ঘটনার পর এম এম রানাকে র৵াব-১১ থেকে প্রত্যাহার করা হয় এবং নৌবাহিনী থেকে অবসর দেওয়া হয়৷ তিনি নৌবাহিনীর লে. কমান্ডার ছিলেন৷ তাঁকে গত ১৭ মে গভীর রাতে গ্রেপ্তার করা হয়৷
গতকাল রোববার আলাপকালে ওই মামলা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, সাতজনকে অপহরণ ও খুনের সঙ্গে এম এম রানার জড়িত থাকার তথ্য তাঁদের কাছে আছে৷
ওই মামলায় গ্রেপ্তার হওয়া র৵াব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ ও সাবেক কর্মকর্তা মেজর (অব.) আরিফ হোসেন রিমান্ডে আছেন৷
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে গত ২৭ এপ্রিল অপহরণ ও পরে হত্যা করা হয়৷ এদিকে ওই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনকে আশ্রয় ও ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া মশিউর রহমান ও কামাল হোসেনকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড শেষে তাঁদের গতকাল বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন৷