রিমান্ড শেষে শওকত মাহমুদ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে।
রমনা থানার একটি নাশকতা মামলায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শওকত মাহমুদকে গতকাল শনিবার আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আদালতে দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে শওকত মাহমুদ মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। এগুলো যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। এ ছাড়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হতে পারে।
এর পরিপ্রেক্ষিতে শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম ওয়ারেজ কুরনী খান।
গত মঙ্গলবার রাজধানীর পান্থপথ এলাকায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আদর্শ ঢাকা আন্দোলন নামের একটি সংগঠনের সংবাদ সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি এ সংগঠনের সদস্যসচিব। এরপর তাঁকে গত জানুয়ারিতে রমনা থানায় দায়ের করা একটি গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় পরদিন তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ।
এদিকে শওকত মাহমুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। দুপুর ১২টায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা শওকত মাহমুদের মুক্তি আন্দোলনে সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।